Bengali Poetry by Nabakumar Podder

নবকুমার পোদ্দার-এর গুচ্ছ কবিতা

ভুল হত তার অনেক—
তবুও সে ভুলকে ধুয়ে নিয়ে
নিবিড় ছড়াত।
চোখে ছিল আবেগ,
গায়ে ছিল নৌকো রঙের জামা।
এভাবেই দিন পেরোত—
হাওয়া কাছে আসত,
হাওয়া দূরে যেত।
একদিন সমস্ত ভুল
তার কাছে এসে
ক্ষমা চাইল।
দূর থেকে তা দেখে
স্রোতের মালি
সাহস পেল।
কী মধুর
বিশ্বনাথ
সাজালো।

ভালোবাসার প্লেটে শালুকফুল।
আমি তার সঙ্গে থাকি।
আমি তার সঙ্গে
সবুজ হাবুডুবু
ঘোষণা করি।

ক্যামেরা যখন অফ থাকে,
নিঃশ্বাস লিপস্টিকের মতো
রঙিন সন্ধে বাজায়।
ঘুমিয়ে পড়ে যে চোখ,
সে টের পায় না—
কলিংবেলটা
সারেগামা পড়ে কি না।

ভাঙা হাড়ে তখনও আপনাকে রুগি লাগেনি।
আপনি একা একা বেড়াতে গেছেন,
রাধাকে এক কাপড়ে রেখে
শোক হলুদ করেছেন।

আপনার হৃদয়ে বর্ষা এসেছে,
আপনি ফুলের গোলাপি তেপান্তরে
ডানা মেলেছেন।

শুধু—
এই বসন্তে
ডিমের কুসুম কতটা আন্তরিক
সেই খেয়াল রাখা আপনার উচিত ছিল,
মহোদয়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top