Bengali rhyme by Sankalpa

সংকল্প-র ছড়া

ছড়া লেখা খুব সহজ, লিখতে পারো নিমেষে
লেখার আগে জেনে নাও, কীসের সাথে কী মেশে।
এই ধরো-না, যেমন তুমি উঠলে আজ সকালে
অমনি দ্যাখো, রোদ পড়ল তোমার মুখ আর কপালে।
আবার ধরো, মুখটা ধুয়েই করবে তুমি নাস্তা
রোজই তো খাও অন্য কিছু, আজকে খাবে পাস্তা।
কিংবা ধরো, স্কুলের জন্য হচ্ছে তোমার দেরি
এদিকে যে চোখ সরে না, ফোনে টম আর জেরি।
আবার হয়তো অঙ্ক স্যারের প্রশ্নে তুমি জব্দ
ক্লাস জুড়ে সব ছাত্রছাত্রী ভীষণরকম স্তব্ধ।
টিফিন টাইম হলেই সবাই করবে তোমরা ফুর্তি
ওদিক থেকে অঙ্ক স্যারও দাঁড়িয়ে অচল মূর্তি।
বাড়ি ফিরেই খেলতে যাবে পাশের পাড়ার পার্কে
টুবাই, খোকন, টিঙ্কি, ঘোতন, মন্টু, রতন, আর কে?
সন্ধেবেলা পড়তে বসেই আকাশপানে চোখ কি?
পড়ার সময় মন বসে না, যতই না হও লক্ষ্মী?
রাতের বেলা শোবার আগে যেই ভেবেছ, লিখবে
কীসের সাথে কী মেশে, তা লেখার আগে শিখবে।
অমনি দ্যাখো, কোথাত্থেকে ঘুম এসেছে চক্ষে
কালকে তুমি লিখবে ছড়া এই অবিচল লক্ষ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top