অর্পণ
বেদনাবহির্ভূত এই দান, তোমার করতলে রেখে গেলাম
স্নান সেরে ওই এসে দাঁড়িয়েছেন তিনি
ভোরের এই রক্তিম হাওয়ায় তার বসন ওড়ে
আমাদের কোনও দু:খ ছিল না কখনও
তথাপি একে অপরের বাহু ধরে কেঁদেছি বহুবার
আমাদের শত্রু ছিল না কেউ
তথাপি বন্ধুআকাঙ্ক্ষায় মাঝরাতে উঠে বসেছি
আর দুহাত বাড়িয়ে খুঁজেছি সেই মুখ
যা আমরা দেখিনি কোথাও
বেদনাবহির্ভূত এই দান তুমি গ্রহণ কর
যদিও কোনও শোক নেই আমাদের, তথাপি
যাওয়ার পথে স্মরণ কোরো শ্মশানবন্ধুদের



