কবিপ্রণাম
বাড়ি থেকে সন্ধে অবধি
মেয়ে দেখা হারমোনিয়াম
সকাল থেকে ভাঙা অবধি
বুক সেলফের কাচ
জানলায় জানলায় ভাবসম্প্রসারণের স্কুল
আর দূর আকাশপদ্মায় গানের বজরা…
আমারও কি তবে মিস হল বাস?
কবিপ্রণামের জলে
ভেসে যায় গীতবিতানের লাশ!
বৃষ্টিদিন
কালের আকাশে কালো মেঘ
তার মধ্যে হঠাৎ বিদ্যাসাগর চমকালো
মাথামোটা, কোঁকড়ানো বজ্রপাত
তথাপি, সে আর কতক্ষণ
কিছু পরে নদী-পাহাড়-সাগরে
বিষণ্ণ বৃষ্টি নামল…
এবং এপাড়া-ওপাড়ায় যত ইংলিশ মিডিয়াম
তাদের ছাদ, কার্নিশ চুঁইয়ে ঝরে পড়ছে দেখুন—
বিপন্ন… বাংলা অক্ষর…
লেপচা জগৎ
এবার ঘুরতে গিয়ে অবাক হলাম
সমস্ত কটেজ একা, দোকা দেখলাম—
চন্দনের সাইট সিন দেখেনি চন্দনা!
সুখের পড়েছে মনে উষ্ণতা বসুর
স্তনের থেকেও নীল পাহাড়ে অসুখ
যত শীত তত বেশি পোশাকের ভুল!
কমলা লেবুর বনে ঢুকবে না ট্রেন
বুকের ভিতরে কেউ পাতেনি লাইন
প্রতিটি বেড়াতে যাওয়া ব্যর্থ পালানো!



