একটি হারানো বিজ্ঞপ্তি
গন্তব্য থেকে ফিরে আসছে ধূসর বাকিংহাম, ছিটেফোঁটা প্রহসন, আমার গোলাপিবেলার বৃষ্টি। বিপ্লব থেকে বারুদ আর প্রেম থেকে আতর খুঁজতে গিয়ে কোনো এক শনিবার, কোনো এক সন্ধে সে ফেলে এসেছে শহরের চিৎকারে। এলোচুলে সিঁড়ি সিঁড়ি অন্ধকার। ছায়ার ভেতর বিভ্রান্ত দরজা, চোখে চোখ পড়ার আগেই দূরন্ত হয়ে যায়। আমি সেই শীতের স্বরবর্ণ, আমি সেই আবছায়া, ফিসফিস। ভালোবাসার কথা শুনব ভেবে আরব্যঘোর নিয়ে বসে থাকি, ফিরে যাই ছুটিশেষে… মায়া ভাঙে, এই বিকেন্দ্রিত জলসা আলো অকাতরে ক্লান্তি ধুয়ে দেয়। বিদ্যুৎ আটকে আসে নিস্তব্ধ গ্যালারিতে।
কোনো এক শনিবার, কোনো এক সন্ধে, কোনো এক শীতে, কোনো এক রাত্রে, ইলিউশন ছিঁড়ে উপহার খুঁজতে খুঁজতে ছেলেটি নিখোঁজ হয়ে গেলো



