Bengali Poetry of Soma Mukherjee Bably

সোমা মুখোপাধ্যায় বাবলি-র কবিতা

কত মেঘ জমে আছে আকাশে?
ক’টা পলেস্তরা পেরুলে ছোঁয়া যাবে
আকাশ হৃদয়?
মাটির চিন্তা হয় খুব—-

বৃষ্টি তো আকাশের কান্নাই বলো!
মাটির বুকে জমে উঠছে রোজ।

এবার কি চাষবাস হবে?
বালাম চাল উঠবে ঘরদুয়ারে?

নাকি এবারও ভেসে যাবে সব?
মাটির নিয়তি তবে বন্যাই?

আকাশ-মাটি, মাটি-আকাশ
পরিপূরক মনে হয় আজ।
অথচ পাখি আকাশের কাছের খুব।

মাটির জমে থাকা জলে
আকাশের ছবি ভাসে—-
এভাবেই তো ওদের আলিঙ্গন!

পাখি মহাশূণ্যে ভেসে ভেসে—
আকাশে আকাশে রঙিন ফুল ফোটায়।
মূক মাটি তার বুকের জমে থাকা জলে
সব প্রতিচ্ছবি দেখতে পায় রোজ।

অথচ আকাশকে বুকে নিয়েই মাটির বাঁচা—–
সম্ভোগ যাপন। ফসল ফলানো —-

আজও এভাবেই আকাশ মাটি পাখি বেঁচে আছে।

Scroll to Top